৩৬ টি হাতির দল পৌঁছাল বাঁকুড়ার বড়জোড়ায়
দি নিউজ লায়ন ; পুজোর মুখেই হাতির দল এসে পৌঁছাল বাঁকুড়ার বড়জোড়া এলাকায়। গত সপ্তাহ দুই আগে ৩৬ টি হাতির একটি দল পশ্চিম মেদিনীপুরের সীমানা টপকে প্রবেশ করে বাঁকুড়া জেলার বাঁকাদহ এলাকায়। এরপর শত চেষ্টা করেও আর সেই হাতির দলের গতিরোধ করতে পারেনি বন দফতর। এরপর ধীরে ধীরে দ্বারকেশ্বর নদ পেরিয়ে সপ্তাহ খানেক আগে হাতির দলটি এসে পৌঁছায় বড়জোড়া রেঞ্জে।
বন দফতর সূত্রের খবর বৃহস্পতিবার হাতির দলটি রয়েছে বড়জোড়া রেঞ্জের খাঁড়ারির জঙ্গলে। সন্ধ্যে নামলেই খাবারের সন্ধানে হাতির দল জঙ্গল থেকে বেরিয়ে জঙ্গল লাগোয়া ধানের জমিতে নেমে পড়ছে। জমির সদ্য থোড় আসা ধান খেয়ে লোপাট করে দিচ্ছে হাতির দল। ফলে প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমান।
পুজোর আগে ও ধান পাকার আগেই হাতির দল এলাকায় চলে আসায় স্বাভাবিক ভাবেই আতঙ্কিত বড়জোড়া ব্লকের খাঁড়ারির জঙ্গল লাগোয়া এলাকার মানুষ। তাঁরা চান দ্রুত হাতির দলকে তাড়ানোর ব্যবস্থা গ্রহণ করুক বন দফতর। বন দফতরের তরফে বড়জোড়া রেঞ্জের রেঞ্জ অফিসার বিশ্বজিৎ মাল বলেন, হাতির দলের উপর আমরা নজরদারি চালাচ্ছি। হাতিগুলি আপাতত খাঁড়ারির জঙ্গলে আছে। আমরা খুব শিঘ্রই হাতিগুলিকে ফেরৎ পাঠানোর চেষ্টা করব।

Post a Comment